ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরেই গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বরেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এসব হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।


সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে তাঁর ধারণা, অপরাধীরা ওপরের মহলের নির্দেশনায় এসব ঘটনা ঘটাচ্ছে।বিবৃতিতে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ধারাবাহিক এসব হামলা দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।


অধ্যাপক ইউনূস আরও জানান, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির পরিচালনা বা মালিকানার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।


বিবৃতিতে তিনি বলেন, এসব হামলায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এতে লাখ লাখ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন গ্রামীণ ব্যাংক।


তিনি আরও অভিযোগ করেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকে সীমাবদ্ধ নয়। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি, বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


বিবৃতিতে জানানো হয়, ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণ ব্যাংক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়ে জড়িত প্রত্যেককে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস।

ads
ads
ads

Our Facebook Page

↑